হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন মতে, শোকবার্তায় আয়াতুল্লাহ মুদাররেসি পবিত্র কোরআন, আহলে বাইতের (আ.) শিক্ষা ও হাওজা ইলমিয়ার সেবায় মরহুমের দীর্ঘ ও বরকতময় জীবনের কথা স্মরণ করেন। পাশাপাশি হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর শাহাদাতের দিনগুলোর সঙ্গে তাঁর ইন্তেকালের সময় মিলে যাওয়াকে এই শোকাবহ ঘটনার অন্যতম হৃদয়বিদারক দিক হিসেবে উল্লেখ করেন।
শোকবার্তাটি নিচে তুলে ধরা হলো—
বিসমিল্লাহির রাহমানির রাহিম
وَبَشِّرِ الصَّابِرِینَ الَّذِینَ إِذَا أَصَابَتْهُمْ مُصِیبَةٌ قَالُوا إِنَّا لِلهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعُونَ.
“আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা বিপদে আক্রান্ত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।” (সুরা বাকারা: ১৫৫-১৫৬)
গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা ইসলামী ধর্মীয় নেতৃত্বের প্রয়াত ব্যক্তিত্ব, হযরত আয়াতুল্লাহিল উজমা শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালে শোক প্রকাশ করছি।
তিনি শত বছরেরও বেশি দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন মহান আল্লাহর পবিত্র কিতাব, হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র বংশধরদের (আ.) জ্ঞানচর্চা এবং তাঁদের অধিকার ও রিসালাতের পক্ষে প্রতিরক্ষার কাজে।
আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের হৃদয়ের শোক ও বেদনা প্রশমিত করেন এবং এই মহান ও প্রাজ্ঞ আলেমের শূন্যতা পূরণ করেন। তিনি ছিলেন এমন এক মনীষী, যিনি ফিকাহ ও তাকওয়া, জ্ঞানচর্চা এবং আল্লাহর পথে আহ্বানের মধ্যে দৃঢ় সংযোগ স্থাপন করেছিলেন। একইভাবে তিনি আহলে বাইতের (আ.) বেলায়াতের প্রতি আনুগত্য এবং পবিত্র কোরআন, মহানবী (সা.) ও তাঁর পবিত্র বংশধরদের সুন্নাহ থেকে উৎসারিত ঐশী মূল্যবোধ প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টার মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন।
তাঁর ইন্তেকালে হাওজা ইলমিয়াগুলো এমন একজন শিক্ষাগুরুকে হারিয়েছে, যিনি প্রজন্মের পর প্রজন্ম আলেম গড়ে তুলেছেন। অন্যদিকে ফাতেমিয়াহ শোকানুষ্ঠানগুলোও এমন একজন পথপ্রদর্শক ও ধর্মীয় নেতাকে হারিয়েছে, যিনি সর্বদা হযরত সিদ্দিকা তাহেরা ফাতেমা যাহরার (সা. আ.) স্মৃতি ও আদর্শকে হৃদয়ে ধারণ করেছেন। তাঁর জীবন উৎসর্গ করেছিলেন হযরত ফাতেমা যাহরার (সা. আ.) স্মরণ, তাঁর ফজিলত ও মাজলুমিয়াত তুলে ধরার কাজে।
কতই না বেদনাদায়ক যে, তাঁর ইন্তেকাল এমন এক শোকাবহ সময়ে ঘটেছে, যখন আমরা হযরত সিদ্দিকা তাহেরা ফাতেমা যাহরার (সা. আ.) শাহাদাতবার্ষিকী পালন করছি!
এ ধরনের মহান আলেমদের হারানোর পর হাওজা ইলমিয়াগুলোর দায়িত্ব হলো, সৎকর্মে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করা, এই বিশাল শূন্যতা পূরণে এগিয়ে আসা এবং জ্ঞান, তাকওয়া ও নেক আমলে অগ্রগামী পূর্বসূরি আলেমদের আদর্শ অনুসরণ করা।
আমরা এই মহাবিয়োগে হযরত সাহিবুল আসর ওয়াজ জামান (আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন), হাওজা ইলমিয়াগুলো, মরহুমের সম্মানিত সন্তানসন্ততি এবং সর্বস্তরের মুমিনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমের ওপর তাঁর অবারিত রহমত বর্ষণ করেন এবং তাঁকে পবিত্র ইমামগণের (আ.) সঙ্গে পুনরুত্থিত করেন।
সাইয়্যেদ মুহাম্মদ তাকি মুদাররেসি
কারবালায়ে মুয়াল্লা ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ২৬ আবান ১৪০৫ ফার্সি (২৬ নভেম্বর ২০২৬)
আপনার কমেন্ট